শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার সিংদীঘি গ্রামের ভুক্তভোগী মো. ইউসুব কাজী। তিনি দাবি করেছেন, তার ও তার ভাতিজা নাজমুল ইসলামকে জড়িয়ে সম্প্রতি একটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
বৃহস্পতিবার (১২মার্চ) দুপুরে শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. ইউছুব কাজী বলেন, প্রকৃত ঘটনা যাচাই না করেই বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করায় তাদের ব্যক্তি ও সামাজিক সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।প্রকাশিত সংবাদের সঙ্গে বাস্তব ঘটনার কোনো মিল নেই বলে তিনি দাবি করেন।
তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি চক্র তার জমি জবরদখলের চেষ্টা করে আসছে। অভিযুক্তরা হলেন,একই এলাকার মো. আয়নাল, মো. জয়নাল আবেদীন, মো. তারা মিয়া ও মো. মনির।
প্রায় ২০ দিন আগে তারা তার সহোদর ভাই মো. আব্দুল জলিলের বসতবাড়ির পূর্ব পাশের জমির একটি অংশ জোরপূর্বক দখল করে সেখানে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে বলে অভিযোগ করেন তিনি।
ইউসুব কাজী আরও বলেন, এ ঘটনার প্রতিবাদ করলে তাকে ও তার পরিবারকে মিথ্যা চাঁদাবাজির মামলায় জড়িয়ে জেল হাজতে পাঠানোর হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। জমিতে কাজ করতে গেলেও খুন-জখমের আশঙ্কা রয়েছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট গণমাধ্যমের কাছে সংবাদের সংশোধন বা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। প্রয়োজনে তিনি এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান।