
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ডবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন হাফেজ মাওলানা শরিফুল ইসলাম।
তিনি তেলিহাটি ইউনিয়ন ৭নং ওয়ার্ড উলামা দলের সাবেক সাধারণ সম্পাদক এবং শ্রীপুর উপজেলা উলামা দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নানা কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এলাকায় একজন পরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে সুনাম অর্জন করেছেন।
ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে। এক মাস সিয়াম সাধনার পর এই উৎসব মানুষকে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। তিনি আশা প্রকাশ করেন, ঈদের আনন্দ সমাজের সব স্তরের মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়বে।
তিনি আরও বলেন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত তাৎপর্য। তাই সমাজের বিত্তবানদের প্রতি তিনি আহ্বান জানান, যেন তারা নিজেদের আনন্দের পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের প্রতিও সহমর্মিতার হাত বাড়িয়ে দেন।
এদিকে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকার ৭নং ওয়ার্ড থেকে সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর সেবা, এলাকার উন্নয়ন, শিক্ষা ও ধর্মীয় কার্যক্রম জোরদার এবং মাদকসহ সামাজিক অপরাধ প্রতিরোধে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ লক্ষ্যে তিনি ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।
তিনি দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে হবে।
এ সময় তিনি গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপির পক্ষ থেকেও শ্রীপুর উপজেলার জনগণসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
সবশেষে তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, পবিত্র ঈদের এই আনন্দ যেন সবার জীবনে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি বয়ে আনে।