শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ জাকিরের দাফন সম্পন্ন, মৃতের সংখ্যা বেড়ে ২
রিপোটারের নাম
/ ৩১
বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় :
রবিবার, ২২ মার্চ, ২০২৬
এই সংবাদটি শেয়ার করুনঃ
আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ জাকির হোসেন (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর তার দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (২১ মার্চ) ভোরে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরে রবিবার (২২ মার্চ) সকাল ১০টায় নিজ গ্রাম ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুখী গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত জাকির হোসেন ওই গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি মুখী স্কুল বাজারে একটি কসমেটিকের ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
এর আগে বুধবার (১১ মার্চ) রাত পৌনে ১১টার দিকে মাওনা চৌরাস্তায় একটি বহুতল ভবনের সামনে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে। এতে জাকিরসহ তিনজন দগ্ধ হন। আহত অন্যরা হলেন রবিউল ইসলাম (২৫) ও ইয়াসিন (৩৭)। তাদের প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনায় এর আগে গত ১৪ মার্চ চিকিৎসাধীন অবস্থায় ইয়াসিন মারা যান। তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাইচান গ্রামের আলী হোসাইনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের পর আগুন দ্রুত ভবনের কয়েকটি কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।