ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় জবরদখলের চেষ্টা করা প্রায় ৫০ কোটি টাকা মূল্যের ১০ একর বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার হবিরবাড়ি মৌজার ১৫৪ নম্বর দাগে অভিযান চালিয়ে বনভূমিটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় বন বিভাগ।
উদ্ধার করা বনভূমিতে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের বনায়ন রয়েছে।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমুল ইসলামের নির্দেশনায় হায়দার আলী, মাসুদ ও কাইয়ুমের নেতৃত্বে একদল ব্যক্তি সাইনবোর্ড স্থাপনের মাধ্যমে ওই বনভূমি দখলের চেষ্টা করেন। খবর পেয়ে ভালুকা রেঞ্জ কর্মকর্তা সাদেকুজ্জামানের নির্দেশনায় বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে যান। পরে তাঁরা সাইনবোর্ডটি সরিয়ে বনভূমিটি বন বিভাগের নিয়ন্ত্রণে নেন।
ভালুকা রেঞ্জ কর্মকর্তা সাদেকুজ্জামান বলেন, বনভূমি জবরদখলের উদ্দেশ্যে সেখানে একটি সাইনবোর্ড স্থাপন করা হয়েছিল। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা সেটি সরিয়ে দিয়েছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ময়মনসিংহ ডিভিশনের ভালুকা জোনের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম আরিফ-উজ-জামান বলেন, উদ্ধার করা বনভূমি বন বিভাগের আওতায় নেওয়া হয়েছে। বনভূমি জবরদখলের চেষ্টায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।