
আশরাফুল ইসলাম শ্রীপুর গাজীপুর প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে মহাসড়কের যানজট নিরসনে কাজ করছেন গাজীপুরের শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান।
ঈদের আগে ও পরে মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি কমাতে তার নেতৃত্বে স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালিত হচ্ছে।
জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট গড়গরিয়া মাষ্টার বাড়ি এলাকায় যুবদল নেতা আবু তাহের প্রধানের নেতৃত্বে নেতাকর্মীরা দিন-রাত কাজ করছেন। তারা যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা, যাত্রীদের সঠিক দিকনির্দেশনা প্রদান এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণে সক্রিয় ভূমিকা রাখছেন।
এ বিষয়ে আবু তাহের প্রধান বলেন, ঈদ মানেই ঘরে ফেরার আনন্দ। কিন্তু যানজটের কারণে সেই আনন্দ অনেক সময় ভোগান্তিতে পরিণত হয়। তাই আমরা চেষ্টা করছি মানুষ যেন নির্বিঘ্নে ও স্বস্তিতে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন।
তিনি আরও জানান, প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে যানজট কমাতে সহায়তা করা তাদের নৈতিক দায়িত্ব। এ কার্যক্রম ঈদের আগের কয়েকদিন এবং ঈদের পরবর্তী সময় পর্যন্ত অব্যাহত থাকবে।
স্থানীয় যাত্রী ও চালকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ মহাসড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা রাখছে এবং যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক করছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসন ও রাজনৈতিক সংগঠনের সমন্বিত উদ্যোগ থাকলে ঈদযাত্রা আরও নিরাপদ ও নির্বিঘ্ন করা সম্ভব হবে।