
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহের ভালুকা উপজেলায় অবৈধভাবে আকাশমণি গাছ কাটার অভিযোগে বন বিভাগের অভিযানে একটি টমটমসহ হাসান মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রোববার (২২ মার্চ) ভোর রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের খন্দকারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাছ কেটে টমটমে বোঝাই করে নেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মাস্টারবাড়ি এলাকার মিজানের নির্দেশে এবং খন্দকারপাড়া এলাকার শহীদের নেতৃত্বে হাসান মিয়া আকাশমণি গাছগুলো কাটেন।
আটক হাসান মিয়া হবিরবাড়ী ইউনিয়নের কড়ইতলী এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, মিজানের নির্দেশেই তিনি এ কাজে অংশ নেন।
হবিরবাড়ী বিট অফিসার ইফাজ মোর্শেদ সাহিল জানান, ঘটনাস্থল থেকে টমটমভর্তি গাছসহ একজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।