
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বিশিষ্ট সংগঠক লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, পবিত্র ঈদুল ফিতর মানুষের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। ভ্রাতৃত্ব, ভালোবাসা ও আন্তরিকতার মাধ্যমে ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করাই ঈদের প্রকৃত তাৎপর্য।
শনিবার (২১ মার্চ) গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠে ঈদের নামাজের আগে সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পবিত্র মাহে রমজানে একমাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিনে ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসে। ঈদ কেবল আনন্দের উৎসব নয়, এটি সমাজে মানবিক মর্যাদা, সাম্য, ন্যায্যতা ও সহমর্মিতা প্রতিষ্ঠারও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
লায়ন গনি মিয়া বাবুল আরও বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য সবাইকে ধর্মীয় বিধি-বিধান মেনে চলতে হবে। পাশাপাশি ঈদের আনন্দ যেন সমাজের সুবিধাবঞ্চিত মানুষও উপভোগ করতে পারে সেজন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ঈদের এই জামাতে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।