
আশরাফুল ইসলাম শ্রীপুর গাজীপুর:গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে অধিদপ্তরের সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার শাহগঞ্জ গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. গোলাম মোস্তফা (৪০) এবং নেত্রকোনা জেলার আশকুরি গ্রামের সুলতু মিয়ার ছেলে মো. অসিম (৩৩)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জৈনাবাজার এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে একজনের কাছ থেকে ৮ হাজার পিস এবং অপরজনের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা মাদক চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা ময়মনসিংহ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে শ্রীপুরে নিয়ে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় অধিদপ্তরের উপ-পরিদর্শক জুয়েল মিয়া বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।