
স্টাফ রিপোর্টার, গাজীপুর:গাজীপুরে জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা, কৃত্রিম সংকট প্রতিরোধ এবং ভোক্তাদের জন্য ন্যায্যমূল্যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে জেলাব্যাপী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (০১ এপ্রিল ২০২৬) জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জেলার বিভিন্ন স্থানে মোট ৭টি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযান চলাকালে খোলা বাজারে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি বন্ধে অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও ডিপোতে সংরক্ষিত জ্বালানি তেলের মজুদ যাচাই, বিক্রয়ের রশিদ পর্যালোচনা এবং সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রি নিশ্চিত করতে তদারকি জোরদার করা হয়। এ সময় অবৈধ মজুদ ও অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে অনিয়মের প্রমাণ পাওয়ায় ৪টি পৃথক মামলায় মোট ৮২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখা এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।