কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে শুক্রবার অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে দলটি বদ্ধপরিকর। তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে দেশের উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।
সভাপতিত্ব করেন বাবু অখিলেস মজুমদার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোয়ালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবু অরুণ প্রসাদ মজুমদার, কালিয়াকৈর উপজেলা জাসাসের আহ্বায়ক মো. মজিবর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং বিপুল সংখ্যক ভক্তবৃন্দ।
এ সময় সংসদ সদস্য মজিবুর রহমান শ্রীকৃষ্ণের আদর্শ মানবকল্যাণ, ন্যায় প্রতিষ্ঠা ও বিশ্বশান্তির জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি গাজীপুর-১ আসনের বিভিন্ন মন্দির ও শ্মশানে অনুদান দেওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন। পাশাপাশি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে বলে আশ্বাস দেন।